কুয়াকাটায় ঢাকা-কুয়াকাটাগামী ইটালি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে পড়ে যায়। এতে ১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে মহিপুর ইউনিয়নের ইউসুফপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসের নম্বর (ঢাকা মেট্রো ব-১২-৩৩৮৩)।

এদিকে চোখে ঘুম নিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা হয় বলে ধারণা করা হচ্ছে। তবে গাড়িচালক, সুপারভাইজার ও হেলপার পালিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইটালি পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে পড়ে যায়।

বাসের যাত্রী কাওসার বলেন, চালক ঘুমন্ত অবস্থায় ছিল। বেপরোয়া গতির কারণে বাস নিয়ন্ত্রণে রাখতে পারেনি।

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনোয়ার হোসেন তালুকদার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।