রংপুরের মিঠাপুকুর উপজেলার শুকুরের হাট উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষ ভেঙে মার্কেট নির্মাণ ও বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা, অভিভাবকসহ সাধারণ মানুষ। গত বুধবার শুকুরের হাট ডিগ্রি মহাবিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ের প্রধান ফটকে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন শেষে এক প্রতিবাদ সভায় বক্তব্য দেন- সাবেক ছাত্র মোস্তাফিজার রহমান শহীদ মিয়া, হজরত আলী প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, শুকুরেরহাট উচ্চ বিদ্যালয়ে অনিয়ম ও দুর্নীতিতে জর্জরিত হয়ে পড়েছে। এর ফলে ক্ষুণ্ণ হচ্ছে লেখাপড়ার মান। নেই কমন রুম, কম্পিউটার ল্যাব, পাঠাগার, নামাজ ঘর ও পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা। এরপরও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিদ্যালয়ের একজন শিক্ষক শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ করে গড়ে তুলেছেন ব্যবসা প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায়নি কেউ। এসব অনিয়মের সমাধান চেয়ে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিলেও অদ্যাবধি কোনো পদক্ষেপ না নেয়ায় তারা এ কর্মসূচি পালন করেন।
এ বিষয়ে প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, বিদ্যালয়ে সভাপতি থাকাকালীন সময়ে মাহবুবুর রহমান ও সহকারী শিক্ষক রিপন মিয়া ১০ বছরের জন্য শো-রুম দু’টি ভাড়া নেন ১০ লাখ টাকা জামানতের বিনিময়ে। তিনি আরো বলেন, ১০ লাখ টাকা দিয়ে ওই শো-রুম দু’টি সংস্কার, সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে। শ্রেণিকক্ষ সঙ্কট নেই বলে দাবি করেন তিনি। শিক্ষার্থীদের দাবীসমূহ পূরণের ব্যবস্থা করা হবে বলেও জানান প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মন বলেন, শুকুরেরহাট উচ্চ বিদ্যালয়ে কয়েকজন শিক্ষার্থী এসে একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।