সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালীতে নারকেল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আকাশ সরকার (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার রাতে উপজেলার দলুয়া শহীদ জিয়া কলেজের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়।

আকাশ খলিষখালী ইউনিয়নের টিকারামপুর গ্রামের মনো সরকারের ছেলে এবং দলুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৮টার দিকে আকাশ নারকেল পাড়তে দলুয়া কলেজের ছাদে ওঠে। এ সময় অসাবধানতাবসত মেইন লাইনের বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্টে নিচে পড়ে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

খলিষখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোল্যা সাব্বীর হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।