ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দীর্ঘদিন আত্মগোপনে থাকা একাধিক মামলার আসামি বরিশালের গৌরনদী পৌরসভার টানা তিনবারের মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে ঢাকার রামপুরা থেকে গ্রেফতার করে তাকে বরিশালে নেয়া হয়।

হারিছের গ্রেফতারের খবরে সড়ক অবরোধ করে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তাকে গৌরনদী-আগৈলঝাড়ার সন্ত্রাসের গডফাদার আখ্যায়িত করে ফাঁসির দাবি জানান তারা।

স্থানীয়রা জানান, ‘হারিছুর রহমানের বিরুদ্ধে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্যাতন করে এলাকা ছাড়া করার পাশাপাশি নিজ দলের নেতাকর্মীদেরও অত্যাচার-নির্যাতন করার অভিযোগ রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আপন ভাইদের বাবার বাড়ি থেকে বিতারিত করা, টর্চার সেল তৈরি করে ভিন্নমতের লোকজন ধরে নিয়ে নির্যাতনসহ দুর্নীতির বিস্তর অভিযোগ রয়েছে।’

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো: ইউনুস মিয়া বলেন, ‘হারিছুর রহমানের বিরুদ্ধে থানায় তিনটি মামলা রয়েছে। পুলিশ তাকে দীর্ঘদিন ধরে খুঁজছিল।’