বিদেশে বসে আওয়ামী ফ্যাসিস্টরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা আপনাদের আহ্বান জানাচ্ছি আওয়ামী ফ্যাসিস্টদের পতনে আমরা যেভাবে এক হয়েছিলাম ঠিক একইভাবে পরবর্তী বাংলাদেশ গঠনেও আমরা এক থাকব। আমাদের মধ্যে যদি কোনো বিভাজন থাকে তাহলে এর সুযোগে আবারো আওয়ামী ফ্যাসিস্টরা পুনর্বাসিত হবে। যদি ফ্যাসিস্টরা পুনর্বাল হয় তাহলে আমাদের স্বপ্নের বাংলাদেশ, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ কখনো বাস্তবায়ন সম্ভব হবে না। এ জন্য আমাদের যেটি প্রয়োজন, সব শ্রেণী পেশার মানুষ এবং ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তিকে অবশ্যই এক থাকতে হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে মঙ্গলবার দেবিদ্বার উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি আরো বলেন, আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় শক্তি হচ্ছে ছাত্রদের ঐক্য। এই ঐক্য আমাদের ধরে রাখতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা মো: নাছির উদ্দীনের সঞ্চালনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মো: মিনহাজ উদ্দিন, সহকারী পুলিশ সুপার মো: শাহিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রায়হানুল ইসলাম, দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: শাহিনুল ইললাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাজমুল হাসান নাহিদ, মোহতাদির জারিফ শিক্ত। আলোচনা শেষে গণঅভ্যুত্থানে শহীদদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। পরে হাসনাত আব্দুল্লাহ দেবিদ্বার মাজেদা আহসান মুন্সী পৌর গণপাঠাগার পরিদর্শন করেন এবং ৭ শতাধিক বই উপহার দেন। বিকালে উপজেলাপরিষদ হলরুমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন তিনি।