বরিশালের গৌরনদী পৌর বিএনপির প্রতিনিধি সভা শুক্রবার বিকেলে গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
রাষ্ট্র মেরামতের জন্য তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেয়ার লক্ষ্যে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বলেছেন আওয়ামী লীগ ও শেখ হাসিনাবিহীন বাংলাদেশ শান্তিতে থাকবে তা অনেকেরই ভালো লাগে না। এ জন্য পরিকল্পিতভাবে আমাদের দেশে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সঙ্কট সৃষ্টি করার নীলনকশা চলছে। তিনি আরো বলেন, দেশী-বিদেশী চক্রান্তকারীরা দেশে হিন্দু-মুসলিম দাঙ্গা লাগাতে চায়।
পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো: শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন জেলা উত্তর বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান, জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, গৌরনদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা প্রমুখ।