পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রত্যয় ব্যক্ত করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা। গত বুধবার বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটরিয়ায় দেশের ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সার্বিক পরিবেশ নিয়ে আলোচনা সভার আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এতে অংশ নেয় শাখা ছাত্রদল, ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন ও জমিয়তে তালাবায়ে আরাবিয়ার নেতাকর্মীরা। এ সময় পতিত ফ্যাসিবাদ ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে দলমতের ঊর্ধেŸ উঠে সবাই ঐক্যবদ্ধ থাকার আশ্বাস দেন ছাত্র সংগঠনগুলোর নেতারা।
সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট, ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্যসচিব মাসুদ রুমি মিথুন, শাখা ছাত্রশিবিরের সভাপতি এইচ এম আবু মুসা, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, ইসলামী ছাত্র আন্দোলন ইবির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাহাত, জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইবির সহসাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়করা উপস্থিত ছিলেন। ছাত্র ইউনিয়ন ইবি সংসদকে আলোচনায় আসার আহ্বান জানানো হলেও তারা আসেননি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, আমরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সবাই যেভাবে একসঙ্গে ছিলাম, ভবিষ্যতেও দেশের স্বার্থে একসঙ্গেই থাকব। সবাই একযোগে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণসাধনে কাজ করবো।