সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় ভারতে বাবরি মসজিদ ভাঙা দিবসে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) বাদ জুমা পাটকেলঘাটা পাঁচ রাস্তা মোড়ে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলপরবর্তী বক্তারা বলেন, ‘১৯৯২ সালের ৬ ডিসেম্বর উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা ভারতের উত্তর প্রদেশ রাজ্যের ফৈজাবাদে অবস্থিত ঐতিহাসিক বাবরি মসজিদটি ধ্বংস করে দেয়। এতে অংশ নেয় বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি), ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং শিব সেনা। বাবরি মসজিদ ধ্বংসের পর শুরু হওয়া দাঙ্গায় দু’হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়। মুসলমানদের এ থেকে শিক্ষা নিতে হবে।’

এছাড়া বক্তারা বলেন, ‘জুলাই গণহত্যার বিচার ও অ্যাডভোকেট শহীদ সাইফুল হত্যার বিচার নিশ্চিত করতে হবে। এবং উগ্রবাদী সংগঠন ইসকনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে।’

পাটকেলঘাটার সর্বস্তরের জনতার আয়োজনে মাওলানা মাহমুদুল হক-এর পরিচালনায় পাটকেলঘাটা পাঁচ রাস্তা মোড়ে বক্তব্য রাখেন মাওলানা সাইফুল্লাহ, পাটকেলঘাটা কওমিয়া মাদরাসার শিক্ষক মাওলানা ইমরান হোসাইন, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা আব্দুল্লাহ, মাওলানা মোস্তাফিজুর রহমান প্রমুখ।