মুক্তিযোদ্ধারা আওয়ামী বিরোধী হলে তাকেও রাজাকার আখ্যা দেয়া হতো মন্তব্য করে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক জাহিদুল ইসলাম বলেছেন, ‘আওয়ামী লীগ বাংলাদেশের বিজয়কে নিজেদের ঘরে তুলে রেখেছিল। দেশের জনগণকে বিজয়ের সুফল ভোগ করতে দেয়নি। যারা আওয়ামী ঘরানার ছিল, তাদেরই মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছিল।’
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র্যালি শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের অর্থ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেন ফার্নিচার ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক এবং টেইলার্স ট্রেড ইউনিয়নের সভাপতি বেলাল দেওয়ানসহ নেতারা।
প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, ‘ স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও দেশের সাধারণ মানুষ বিজয়ের প্রকৃত স্বাদ পায়নি। বিশেষ করে শ্রমজীবী মানুষের অধিকার ও সম্মান আজো প্রতিষ্ঠিত হয়নি। তিনি আশাবাদ ব্যক্ত করেন, দেশে ইসলামী মূল্যবোধ ও ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠিত হলে শ্রমজীবী মানুষ বিজয়ের প্রকৃত সুফল ভোগ করতে পারবেন।’





