যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামসহ দু’জনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে নেয়া মামলার অপর আসামি হলেন ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম। গতকাল বুধবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমানের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
এর আগে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল জোনাল টিমের সাব-ইন্সপেক্টর ফেরদৌস জামান তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।