চুরি যাওয়া ইজিবাইক উদ্ধার ও চোরচক্রের মূলহোতাসহ পাঁচ আসামিকে গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা ডিবি ও সদর থানা পুলিশ পুলিশ। এরা সবাই অভিনব কৌশলে নিজেদেরকে ডিবি পুলিশ, র‌্যাব বা সাংবাদিক পরিচয় দিয়ে ইজিবাইক ভাড়া নিয়ে কৌশলে তা চুরি করে পালিয়ে যায়।
গ্রেফতাররা হলো- পটুয়াখালীর বাউফল থানার হারুন মল্লিক বাদল (৪০), নড়াইল কালিয়া খানার বিলবাউস গ্রামের মতিয়ার রহমান মোল্লা মতিন (৫৫), নাটোর সদর উপজেলার পারহাটঘড়িয়া গ্রামের হাসান (৩৫), ফরিদপুর সদর উপজেলার দক্ষিণ টেপখোলা গ্রামের টিটু মল্লিক (৪৫) ও মাগুরার মহাম্মদপুর থানার বালিদিয়া গ্রামের শাহিদুল মোল্লা (২০)।
গত বুধবার চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম জানান, গত ১ ডিসেম্বর দুপুরে চুয়াডাঙ্গার জাহাঙ্গীর আলমের ইজিবাইকে শহরের বাদুরতলা থেকে একজন যাত্রী কবরী রোডে যাওয়ার জন্য উঠে। কবরী রোডে থাকা একটি প্রাইভেটকারের কাছে ইজিবাইকটি থামাতে বলেন। ইজিবাইকটি থামলে প্রাইভেটকার থেকে একজন নেমে নিজেকে ডিবি অফিসার পরিচয় দিয়ে ইজিবাইকে উঠে কলেজ রোডের দিকে চলে যায়। এ ঘটনায় চালক জাহাঙ্গীর চুয়াডাঙ্গা সদর থানার মামলা দায়ের করেন।
গত মঙ্গলবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ এবং চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ যশোর ও মাগুরা জেলায় অভিযান চালিয়ে ইজিবাইক চোরচক্রের মূলহোতাসহ পাঁচজনকে গ্রেফতার এবং মাগুরার মহম্মদপুর থানা এলাকা থেকে চুরি হওয়া ইজিবাইকটি উদ্ধার করে। এ ছাড়া প্রাইভেটকার, ইজিবাইকের মাস্টার চাবি, সাংবাদিকের ভুয়া পরিচয়পত্রসহ তিনটি ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আসামিরা জানায়, তারা সঙ্ঘবদ্ধভাবে প্রাইভেট কারে নিজেদের ডিবি/র‌্যাব/সাংবাদিক পরিচয় দিয়ে ইজিবাইক ভাড়া নিয়ে তাদের কাছে থাকা মাস্টার চাবি দিয়ে ইজিবাইক নিয়ে কৌশলে সটকে পড়ে। এ সময় উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।