বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লালবাগ থানার মো: আলী হত্যা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ৫৬ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি নজরুল ইসলাম কবিরাজের (৫৫) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: জিয়াদুর রহমান শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
এদিন আসামিকে আদালতে উপস্থিত করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা লালবাগ থানার উপ-পরিদর্শক আবুল ফারেজ জুয়েল।

অন্যদিকে রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড দেন।
গত ১ জানুয়ারি স্থানীয় জনতা নজরুল ইসলাম কবিরাজকে আটক করে লালবাগ থানার পুলিশের হাতে সোপর্দ করে।
মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই লালবাগ থানার আজিমপুর কলোনি এলাকায় আন্দোলনে অংশ নেন মোহাম্মদ আলী। এদিন বিকেল ৪টার দিকে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় গুলিবিদ্ধ হন তিনি। এরপর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় ওই বছরের ৩০ ডিসেম্বর লালবাগ থানায় হত্যা মামলা করা হয়। এ মামলার ৪০ নম্বর এজাহারনামীয় আসামি হলেন নজরুল ইসলাম কবিরাজ।