বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী হিমালয়ের নিকটবর্তী কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী শীতের সকালে কুয়াশার চাদরে ঢেকে যায়। শীতের কুয়াশায় মোড়ানো এই অঞ্চল প্রকৃতির হাতে আঁকা এক অসাধারণ নৈসর্গিক দৃশ্যের সৃষ্টি করে।
শীতে ভোরে যখন সূর্য উঁকি দিতে শুরু করে, তখন কুয়াশার সাদা চাদর যেন পুরো ফুলবাড়ী উপজেলাকে ঢেকে রাখে। মাঠের ফসল, নদীর তীর ও গাছের ডালপালা সবই এই কুয়াশার আচ্ছাদনে আবৃত। সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানকার নদী, বিল ও সবুজ প্রান্তরগুলো এক অন্যরকম সৌন্দর্য ছড়ায়।
উপজেলাটির মধ্য দিয়ে বয়ে গেছে ধরলা নদী। শীতের সকালে নদীর পানির ওপর কুয়াশার আবরণ নদীগুলোকে আরো রহস্যময় করে তোলে। নদীপাড়ে বসবাসরত কৃষক ও জেলেদের জীবন এখানে বিশেষভাবে ফুটে ওঠে। কুয়াশার ভেতর সরিষা ফুলের হলুদ মেলা, আর নদীতে ভেসে চলা ছোট নৌকাগুলো এক নৈসর্গিক দৃশ্য সৃষ্টি করে।
প্রকৃতিপ্রেমীদের জন্য ফুলবাড়ী উপজেলায় একটি আকর্ষণীয় ধরলা সেতু। শীতকালে এখানকার কুয়াশাচ্ছন্ন সকাল ও সন্ধ্যা দেখতে অনেকে এখানে আসেন। বিশেষত সূর্যোদয় ও সূর্যাস্তের সময় ধুয়াশার মধ্যে প্রকৃতির শোভা উপভোগ করার অনুভূতি একেবারেই অনন্য।
কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানিয়েছেন, আজ রোববার (২৬ জানুয়ারি) জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।





