রাজধানীর সাইন্স ল্যাব মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে দেড় শতাধিক শিক্ষার্থী অবরোধ করেন। এতে সায়েন্স ল্যাব, নীলক্ষেত মোড় ও এলিফ্যান্ট রোডসহ আশপাশে তীব্র যানজট সৃষ্টি হয়। তথ্য প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের অবরোধ কর্মসূচি চলছিল।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, সাত কলেজে ভর্তির আসন কমানোসহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা করতে গেলে ঢাবির প্রো ভিসি শিক্ষা এবং কয়েকজন শিক্ষক সাত কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থীকে তৎক্ষণাৎ অপমান করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেয়। এর প্রতিক্রিয়ায় অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
ঢাকা কলেজের শিক্ষার্থী আফজাল হোসেন বলেন, আমরা ৫ দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসির কাছে গেলে তারা আমাদেরকে অপমান করে বের করে দেয়। এখন শিক্ষার্থীদের নিকট ক্ষমা চাওয়াসহ সবগুলো দাবি রাতের মধ্যে মেনে নিতে হবে। না মানলে রাস্তা ছাড়ব না।
অভিযোগের ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি (শিক্ষা) অধ্যাপক মামুন আহম্মেদ বলেন, সাত কলেজের শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল আমার কার্যালয়ে তাদের দাবি-দাওয়া নিয়ে কথা বলতে আসছিল। এ সময় তাদের দু-তিনজন প্রতিনিধিকে আসতে বলি। তখন আমার অনুরোধ না রেখেই সবাই কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। এ সময় আমি আর তাদের সাথে কথা বলতে চাইনি।





