জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে হতাহতদের পরিবারকে দীর্ঘমেয়াদি পুনর্বাসনসহ একাধিক দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে একদল শহীদ ও আহত পরিবারের সদস্যরা। এ সময় তারা শহীদদের পরিবারকে এককালীন ১ কোটি টাকা এবং আহতদের ৫০ লাখ টাকা ক্ষতিপূরণের দাবি জানান।
গতকাল জাতীয় জাদুঘরের সামনে আহত ও শহীদ পরিবার (গণ-অভ্যুত্থান ২৪-এর আহত ও শহীদ পরিবারের কল্যাণে নিয়োজিত) ব্যানারে এক অবস্থান কর্মসূচিতে এই দাবি জানানো হয়।
অবস্থান কর্মসূচিতে মুখপাত্র পরিচয় দিয়ে আমিনুল ইসলাম ইমন বলেন, আমরা যুদ্ধ করেছি, সম্মুখসারিতে ছিলাম বলেই আমাদের গুলি লেগেছে, আহত হয়েছি। আমাদের ভাইরা শহীদ হয়েছেন। এখন আমাদের দিন চলছে না। আমরা যারা আন্দোলন করেছি আমাদেরই সন্তানরা এখন না খেয়ে থাকে, স্কুল-কলেজে যেতে পারে না।
তিনি আরো বলেন, আমাদের রক্তের বিনিময়ে এই সরকার। আমরা কোনো বিশৃঙ্খলায় যাইনি। আমরা শাহবাগ মোড় অবরোধ করিনি। রাস্তাঘাট বন্ধ করিনি। আমরা এই সরকারেরই একটা অংশ।
এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন দাবি তুলে ধরেন। এরমধ্যে রয়েছে- আন্দোলনে আহত ও নিহতদের বিষয়ে সরকারের যেকোনো আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে সংশ্লিষ্ট পরিবারের প্রতিনিধিত্ব নিশ্চিত করা; জুলাই গণ-অভ্যুত্থানের রাষ্ট্রীয় স্বীকৃতি; জুলাই গণ-অভ্যুত্থানের জাদুঘর নির্মাণ; নিহতদের স্মরণে দিবস ঘোষণা; আহতদের আজীবন সুচিকিৎসা নিশ্চিত করা; গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত এবং হতাহতদের পরিবারের আজীবন নিরাপত্তা দিতে আইন প্রণয়ন করা; এককালীন ক্ষতিপূরণ হিসেবে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ও আহতদের পরিবারকে ৫০ লাখ টাকা দেয়া; আহত ও শহীদ পরিবারের সদস্যদের জন্য দীর্ঘমেয়াদি বা আজীবন পুনর্বাসন; শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শিক্ষা ও চাকরি করতে সক্ষমদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা।





