নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী কর্মসূচি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার নোবিপ্রবির কেন্দ্রীয় মসজিদ থেকে জোহরের নামাজের পরই এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ইসতিয়াক জামিল বলেন, ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন। তবুও এই ছাত্রলীগ বর্তমান বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি দেখে ভেবেছে তারা আমাদের ছাত্রসমাজের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে। ২৪-এর এ বাংলায় আমাদের দুই হাজার ভাইবোন শহীদ হয়েছেন। তাদের রক্তের ওপর দাঁড়িয়ে আমরা নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী ছাত্রলীগকে রাজনীতি করতে দেবো না। তারা প্রকাশ্যে এখন সব রাজনৈতিক সংগঠনের নেতাদের হামলা এবং খুন করছে। আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই তারা এখনো সাবধান না হলে এর কঠিন ফল তাদের ভোগ করতে হবে। বাংলার জমিনে তারা কোনো রাজনীতি করার সুযোগ পাবে না।