গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়েছে একটি মার্কেটের দোকানসহ একটি বহুতল বাড়ির দু’টি তলা।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের আনোয়ারা বেগম সুপার মার্কেটে এ ঘটনা ঘটেছে।

এ সময় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা পৌনে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

স্থানীয়রা জানান, মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় টিনের ছাউনিযুক্ত আধাপাকা ওই মার্কেটে পাঁচটি দোকান রয়েছে। এসব দোকানে বিক্রির জন্য গ্যাসের চুলা ও বিভিন্ন খুচরা যন্ত্রাংশসহ বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার রাখা ছিল। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে মার্কেটের আকন্দ এন্টারপ্রাইজ নামের দোকানের সিলিন্ডারের লিকেজ থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই পুরো মার্কেটে আগুন ছড়িয়ে ভয়াবহ আকার ধারণ করে।

এ সময় আগুনের লেলিহান শিখা ওই মার্কেট সংলগ্ন একটি বহুতল আবাসিক ভবনের নিচতলা ও দ্বিতীয় তলায় ছড়িয়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর, কোনাবাড়ি ও ভোগড়া মডার্ন ফায়ার স্টেশনের ছয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

এ সময়ের মধ্যে মার্কেটের মালামালসহ চারটি দোকান এবং আবাসিক ভবনটির দু’টি তলা পুড়ে যায় ও ক্ষতিগ্রস্ত হয়। তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ মামুন জানান, ‘বিকেলে টিনের ছাউনিযুক্ত আধাপাকা ওই মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। তবে আগুন পাশের আবাসিক পুরো ভবনে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা হয়।’

তিনি আরো জানান, ‘আগুন লাগার ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঢাকাগামী যানবাহনগুলো জয়দেবপুর সড়ক হয়ে উড়াল সড়ক ব্যবহার করে গন্তব্যের দিকে চলে যায়।’

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি জানিয়ে মুহাম্মদ মামুন বলেন, ‘গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’