জয়পুরহাটের পাঁচবিবিতে আব্দুর রাজ্জাক (৭০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচবিবি থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
গতকাল সোমবার বেলা ৩টায় উপজেলার আটাপুর ইউনিয়নের উচাই মধ্যপাড়া গ্রামের রশিদুলের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়নের মাধাইনগর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে এবং রশিদুলের চাচা। নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, ২ ফেব্রুয়ারি রোববার আব্দুর রাজ্জাক আমদই বাজারে ওয়াজ মাহফিলে গেলে সেখান থেকে তাকে কৌশলে বাড়িতে ডেকে আনেন উচাই গ্রামের আব্দুস সামাদের ছেলে রশিদুল ইসলাম। তিনি নিজ বাড়িতে বৃদ্ধকে আটকে রেখে রাতভর নির্যাতন করেন। এতে আব্দুর রাজ্জাকের মৃত্যু নিশ্চিত হলে সকালে বাড়িতে তালা দিয়ে সপরিবারে পালিয়ে যায় তারা।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও অতিরিক্ত দায়িত্ব পাঁচবিবি সার্কেল) আরিফ হোসেন ও পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ কাওসার আলী।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও অতিরিক্ত দায়িত্ব পাঁচবিবি সার্কেল) আরিফ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ময়নাতদন্ত ও অধিকতর তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।