জুলাই অভুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। তার শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সব সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার এবং সন্ত্রাসী ও তাদের প্রশাসনিক সহযোগীদের শাস্তি নিশ্চিতের দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে ছাত্রদল ঢাবি শাখা।
গতকাল দুপুরে ঘোষণা অনুযায়ী ঢাবি ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করে। এ সময় ছাত্রলীগের বিচার চেয়ে স্মারকলিপি প্রদানের লক্ষ্যে ঢাবি ছাত্রশিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে ভিসি কার্যালয় বরাবর মিছিল শুরু করে। মিছিলটি ক্যাম্পাস গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভিসি কার্যালয়ে সামনে গিয়ে শেষ হয়। এ সময় ভিসির অনুপস্থিত থাকায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের কাছে স্মারকলিপি দেয় তারা। এ সময় সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শাওন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শামিম আকতার শুভ ও সাংগঠনিক সম্পাদক মোঃ নূর আলম ভূঁইয়া ইমন।
ভিসি কার্যালয়ের সামনে বক্তব্য রাখেন ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এবং সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসসহ বেশ কয়েকজন নেতাকর্মী। ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘ দেড় দশকের এই ফ্যাসিবাদী শাসনামলে গণরুম, গেস্টরুম নামক নির্যাতনমুখী অপসংস্কৃতি এবং সাধারণ শিক্ষার্থীদেরকে জোর-জবরদস্তি করে রাজনৈতিক কর্মকাণ্ডে ধরে নিয়ে যাবার অপরাজনৈতিক কৌশলের মাধ্যমে ঢাবি ক্যাম্পাসে ত্রাসের রাজত্ব কায়েম করে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ। ফ্যাসিস্ট শেখ হাসিনার সরাসরি মদদপুষ্ট ছাত্রলীগের নেতাকর্মীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলসহ বিরোধী সব রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মীদের ওপর নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে, যার ফলে অসংখ্যবার রক্তে রঞ্জিত হয়েছে ঢাবি ক্যাম্পাসের পবিত্র ভূমি। বিগত ২০২৪ সালের গণ-অভ্যুত্থান চলাকালে ছাত্রলীগের সন্ত্রাসীরা সাধারণ শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা করে গুরুতর আহত ও চিরতরে অন্ধ বা পঙ্গু করেছে অসংখ্য সাধারণ শিক্ষার্থীকে। আর ছাত্রলীগের এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি বা পরোক্ষভাবে মদদ ও সহায়তা করেছে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের সাথে যুক্ত অনেকেই।