গাজীপুরের শ্রীপুরে আলোচিত অটোরিকশা চালক ফালান হত্যা মামলার রহস্য উদঘাটনসহ চারজন আসামি গ্রেফতার করেছে গাজীপুর জেলা পিবিআই। গতকাল শনিবার গাজীপুর জেলা পিবিআই প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার কৃতরা হলেন- মো: সাগর (২২) ময়মনসিংহ জেলার ভালুকা থানার কনসেরকুল গ্রামের মো: আবুল কাশেমের ছেলে। সে গাজীপুরের শ্রীপুর থানার দারগার চলা এলাকার স্থানীয় সাগরের বাড়ির ভাড়াটিয়া। মো: শাহিন (২০) গাজীপুরের শ্রীপুর থানার একই এলাকার সফুর বাড়ির ভাড়াটিয়া, সে টাঙ্গাইলের দেলদুয়ার থানার- জোনকাই (আলালপুর) গ্রামের মো: আবুলের ছেলে। তার নানার বাড়ি ময়মনসিংহের ভালুকা থানার বিরুনিয়া এলাকায়। মো: শুক্কুর আলী (৪৪) ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার বনপাড়া গ্রামের মৃত আ: হাই ওরফে আবুল হোসেনের ছেলে। সে গাজীপুরের শ্রীপুর থানার মাওনা এলাকার এম এ সাত্তার ভূঁইয়ার বাড়ির ভাড়াটিয়া ও মো: আরিফ হোসেন (১৮) ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার সোনাখালী গ্রামের মো: সেলিমের ছেলে। সে গাজীপুর জেলার একই থানার দারগার চালা গ্রামের শহিদুলের ভাড়াটিয়া । পলাতক আসামি নাইমকে গ্রেফতারের অভিযান চলমান আছে।
পিবিআই পুলিশ সুপার মো: আবুল কালাম আজাদ বলেন, গত বৃহস্পতিবার আসামি সাগর ও শাহিন কিলিং মিশনের ঘটনায় নিজেদের জড়িয়ে বিস্তারিত বর্ণনা করেছে ও আসামি শুক্কুর আলী ছিনতাইকৃত ব্যাটারি ক্রয় করার জন্য নিজের দোষ স্বীকার করেছে। আসামি আরিফ নৃশংস হত্যার দায় স্বীকার করে নিজেকে জড়িয়ে গ্রেফতারকৃত আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। এ ছাড়া পলাতক আসামি নাইমকে গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।