বিয়ে করছেন ছোটপর্দার তারকা মেহজাবীন চৌধুরী। তার বর হচ্ছেন সদ্য মুক্তি পাওয়া সিনেমা ‘প্রিয় মালতি’র প্রযোজক ও নির্মাতা আদনান আল রাজীব। এর আগে কয়েক বছর ধরে তার গোপন বিয়ে ও সংসারের খবর শোনা গেলেও বিষয়টি নিশ্চিত হওয়া জায়নি। এবার তার সত্যতা ফাঁস হলো।
জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি রাজধানীর অদূরে একটি রিসোর্টে মেহজাবীনের গায়ে হলুদ হবে। পর দিন একই ভেন্যুতে বিয়ে। তার ঘনিষ্ঠদের মতে, বিয়েটা আরও আগে হওয়ার কথা ছিল। দেশের পরিস্থিতির কারণে আয়োজনে একটু দেরি হয়ে গেছে।
এর আগে বেশ কয়েকবার মেহজাবীন-আদনান আল রাজীবের প্রেম-বিয়ে নিয়ে বিভিন্ন সময় গুঞ্জন রটেছে। সংবাদের শিরোনাম হয়েছেন তারা। কিন্তু বরাবরই বিষয়টি এড়িয়ে গিয়েছেন দুই তারকা। তবে অসমর্থিত আরও একটি সূত্র জানাচ্ছে যে, তাদের বিয়ে আরও আগেই হয়ে গেছে। এখন কেবল আনুষ্ঠানিকতা করতে যাচ্ছেন দম্পতি। ২০০৯ সালে একটি রিয়েলিটি শোয়ের মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখেন মেহজাবীন। নাটকের গণ্ডি পেরিয়ে তিনি এখন ওটিটি ও সিনেমায় নিয়মিত অভিনয় করছেন। গত মাসে মুক্তি পেয়েছে তার সিনেমা ‘প্রিয় মালতি’। এ ছাড়া ভালোবাসা দিবস উপলক্ষে আগামীকাল মুক্তি পাবে তার নতুন ওয়েব ফিল্ম ‘নীল সুখ’। অন্য দিকে আদনান আল রাজীব দেশের জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতাদের একজন।