সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসচাপায় দু’জন ভ্যান যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামের আব্দুল মালেক আকন্দ ফারুক হোসেন (৩২), একই গ্রামের সানোয়ার উদ্দিনের ছেলে মোহাম্মদ রনি হোসেন (২৩)। আহত হারুন অর রশিদ (২৮) মাগুরাডাঙ্গা গ্রামের সমেশ প্রামাণিকের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, রাতে পাবনা থেকে একটি বাস কক্সবাজার যাচ্ছিল। বাসটি ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চালা এলাকায় পৌঁছলে একটি ব্যাটারিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলে অটোরিকশার দুই যাত্রী নিহত হন এবং আহত হন এক যাত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।