বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমির ড. মাওলানা কেরামত আলী বলেছেন, ৮ ফাল্গুন ভাষা শহীদরা মাতৃভাষার মর্যাদা রক্ষায় যে আত্মোৎস্বর্গের দৃষ্টান্ত স্থাপন করে গেছেন তা বিশ্ব ইতিহাসে বিরল। এ দেশের যুবক এবং তরুণেরা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে ভাষার অধিকারকে প্রতিষ্ঠা করেছিল। অথচ বিজাতীয় আগ্রাসনে আমাদের ভাষা ও সংস্কৃতি আজ অরক্ষিত। দেশের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করে এই আগ্রাসন রুখে দিতে হবে। বাংলা ভাষার মর্যাদা ও নিজস্ব সংস্কৃতি রক্ষায় আমাদেরকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল দলীয় কার্যালয়ে জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগরীর ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুলের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন- নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাদাৎ হোসাইন, কর্মপরিষদ সদস্য জসিম উদ্দিন সরকার, তৌহিদুর রহমান সুইট, মজলিসে শূরা সদস্য নুরুল ইসলাম মনি, ইঞ্জিনিয়ার আবুবকর সিদ্দিক, অধ্যাপক মোজাম্মেল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।





