শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।
গতকাল বাদ ফজর ঢাবি কেন্দ্রীয় মসজিদে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ঢাবি শিবির সভাপতি এস এম ফরহাদ, সেক্রেটারি মহিউদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক কাজী আশিকুর রহমানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
আলোচনার পর ঢাবি কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম দোয়া পরিচালনা করেন। দোয়া মাহফিল শেষে উপস্থিত শিক্ষার্থীরা ঢাবি শিবির সভাপতি এস এম ফরহাদের নেতৃত্বে ভাষাশহীদদের কবর জিয়ারত করেন।
এ বিষয়ে ঢাবি শিবির সেক্রেটারি মহিউদ্দিন খান বলেন, মৃত ব্যক্তিদের জন্য শ্রেষ্ঠ উপহার হচ্ছে দোয়া। তাই দোয়ার মাধ্যমেই ২১ ফেব্রুয়ারির প্রথম ওয়াক্তে আমরা ভাষাশহীদদের স্মরণ করছি। পাশাপাশি শহীদদের কবর জিয়ারত করা আমাদের এই অঞ্চলের সাংস্কৃতিক পরিচায়কও বটে।