গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) সামগ্রিক উৎকর্ষ সাধনে শিক্ষার্থীদের সাফল্যের পথে এগিয়ে যাওয়ার জন্য ‘গবেষণা, আত্মনির্ভরতা এবং ভবিষ্যৎ প্রস্তুতির দক্ষতা’ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে গতকাল সোমবার আইকিউএসি’র সেমিনার কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচিতে অংশ নেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে অটাম ২০২৪ টার্মে ভর্তিকৃত নতুন ৪১ জন মাস্টার অব সায়েন্স (এমএস) এবং সাতজন পিএইচডি শিক্ষার্থী। প্রশিক্ষণে স্পিকার হিসেবে গাকৃবির প্রফেসর ড. আবু আশরাফ খান, প্রফেসর ড. মো: রমিজ উদ্দিন মিঞা, প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী এবং প্রফেসর ড. মো: আহসানুল হক স্বপন উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণের শেষ পর্যায়ে প্রধান অতিথি গাকৃবির ভিসি প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর বলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণার উৎকর্ষে কেবল দেশের কৃষিখাতের উন্নয়নই নয় বরং বিশ্বব্যাপী কৃষি প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।





