ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) নারী শিক্ষার্থীদের জন্য নামাজের জায়গার দেয়ার দাবিতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বিগত প্রশাসনের সময় শিক্ষার্থীদের নিজ উদ্যোগে নামাজের জায়গা করার প্রচেষ্টাকে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাধা দিলেও বর্তমান প্রশাসন এই দাবিকে দিয়েছে বাস্তব রূপ।
গতকাল দুপুরে ঢাবি ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন ঘোষণা করেন।
সরেজমিন দেখা যায়, টিএসসিতে পুরুষদের নামাজের জায়গার পাশে নারী শিক্ষার্থীদের নামাজের জন্য নির্দিষ্ট স্থান ঠিক করা হয়েছে। নামাজের জায়গার কার্পেট পরিবর্তন এবং অজুখানারও সংস্কার হয়েছে। দুপুরের নামাজের মধ্যে দিয়ে এর উদ্বোধন ঘোষণা করেন ভিসি।
ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেন, এই অনুষ্ঠান আমাদের জন্য এক মহৎ এবং অনন্য একটি মুহূর্ত। আমরা এই নতুন নামাজের জায়গার উদ্বোধন করতে যাচ্ছি, যা আমাদের সবার জন্য একটি নিরাপদ, শান্তিপূর্ণ এবং আত্মিক উন্নতির ক্ষেত্র হয়ে উঠবে। বিগত প্রশাসন শিক্ষার্থীদের এই নায্য দাবির ব্যাপারে আগ্রহ দেখায়নি। আশাকরি এর মাধ্যমে আমরা আল্লাহর সাথে আমাদের সম্পর্ক আরো দৃঢ় করতে পারব এবং নিজেদের আত্মিক উন্নতি সাধন করতে পারব।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী, কলা অনুষদের ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ, ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক (দক্ষিণ) অধ্যাপক ড. আব্দুস সালাম এবং যুগ্ম আহ্বায়ক (উত্তর) অধ্যাপক ড. মো: আবুল কালাম সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রমুখ।





