বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নেতৃত্বে ‘শিক্ষা ঐক্য মুক্তি’ স্লোগানকে ধারণ করে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে নতুন ছাত্রসংগঠন আত্মপ্রকাশ করেছে। গতকাল বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির ঘোষণা দেয়া হয়। তবে সংগঠনের আত্মপ্রকাশের মধ্যেই পদবঞ্চিতদের সাথে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েক শিক্ষার্থী আহত হয়েছেন।
সমন্বয়কদের নতুন এই সংগঠনে কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু বাকের মজুমদার। কেন্দ্রীয় সদস্যসচিব হিসেবে মনোনীত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দফতর সেলের সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী জাহিদ আহসান।
এ ছাড়া নতুন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক হয়েছেন ঢাবি শিক্ষার্থী তাহমিদ আল মুদাসসির চৌধুরী এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন আশরেফা খাতুন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন তৌহিদ মোহাম্মদ সিয়াম এবং সিনিয়র সদস্যসচিব হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশীদ।
নতুন আত্মপ্রকাশ করা এই সংগঠনের ঢাবি শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক আবদুল কাদের। যিনি ৯ দফা কর্মসূচি ঘোষণা করে আলোচনায় এসেছিলেন। কাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ঢাবি শাখার সদস্যসচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন ঢাবির একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মহির আলম। ঢাবি শাখার মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসিব আল ইসলাম এবং মুখপাত্র হয়েছেন রাফিয়া রেহনুমা হৃদি। এ ছাড়া লিমন মাহমুদ হাসানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আল আমিন সরকারকে সিনিয়র সদস্যসচিব করা হয়েছে।
এদিকে নতুন এ ছাত্রসংগঠনে পর্যাপ্ত পদ সৃষ্টি না হওয়ার অভিযোগ তুলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী কমিটির বিরুদ্ধে বিরোধিতা করেছেন। তারা জানান, নিজেদের জন্য পর্যাপ্ত পদ না পাওয়ায় তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। এ নিয়ে গতকাল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
বিকেল ৩টায় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন শুরু হওয়ার পর উত্তেজনা সৃষ্টি হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন কমিটিতে নিজেদের জন্য পদ না পাওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেন। এর পরিপ্রেক্ষিতে বিকেল ৪টার দিকে মধুর ক্যান্টিনে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
বিস্ফোরক পরিস্থিতি সত্ত্বেও, কমিটি ঘোষণা করেন আবু বাকের মজুমদার । তিনি কমিটি ঘোষণার পর মধুর ক্যান্টিন থেকে বেরিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরের দিকে রওনা দেন। এ সময় ঢাবি এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পদবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক হাতাহাতির ঘটনা ঘটে। যেটি সন্ধ্যায় মল চত্বরে সংঘর্ষের রূপ নেয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাদের অবস্থা গুরুতর নয়।
আহতরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মিশু আলী (২৪) এবং প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন বিভাগের আকিবুল হাসান (২৫)। তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের নাম জানা যায়নি।
জুলাই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী শিক্ষার্থী অভিযোগ তুলেছেন, নতুন কমিটিতে অপেক্ষাকৃত যোগ্যদের তুলনামূলকভাবে পেছনে রাখা হয়েছে। এমনকি, কমিটি নিয়ে হতাশা প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, পুরান রাজনৈতিক বন্দোবস্ত, ঢাবির পক্ষে আর রাজনৈতিক বিশ্ববিদ্যালয়ের স্তর থেকে উত্তরণ সম্ভব হলো না। এটি ঢাবির ঐতিহাসিক পরাজয়।
শিক্ষার্থীদের ধারণা করছেন, ছাত্রদের নতুন এই সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ আত্মপ্রকাশের পর থেকেই বিতর্ক ও সংঘর্ষের সৃষ্টি হওয়ায় ভবিষ্যতে এর কার্যক্রম ও রাজনৈতিক প্রভাব নিয়ে আরো নানা প্রশ্ন উঠতে পারে।











