বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, ‘জনগণ তাদের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায়। এ কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষে এখনই তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। ভোটাধিকার নিয়ে কোনো তালবাহানা চলবে না। অবিলম্বে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে তাদের ভোট দানের সুযোগ নিশ্চিত করতে হবে।’
মঙ্গলবার (২০ মে) সদর উপজেলার দেয়াড়া ইউনিয়ন মহিলা দল আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দেশের বিরাজমান পরিস্থিতি পর্যালোচনা ও তৃণমূলে মহিলা দলকে শক্তিশালী করার লক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নার্গিস বেগম বলেন, ‘বিএনপি কোনো দিনই দেশ ও জনগণের স্বার্থে কারো সাথে আপস করে নাই। যে কারণে বিগত ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে একমাত্র বিএনপি রাজপথে অবিচল ছিল। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আজও বিএনপির আন্দোলন চলছে। জনগণ সাথে নিয়ে তাদের ভোটাধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে বিএনপির আন্দোলনের পরিসমাপ্তি হবে।’
ইউনিয়ন মহিলা দল নেত্রী তাহমিনা আক্তার লিলির সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফ, সিনিয়র সহ-সভাপতি সেলিনা পারভীন শেলী প্রমুখ।
সমাবেশে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান মিঠু, সদর উপজেলা বিএনপি নেতা ইদ্রিস আলী প্রমুখ উপস্থিত ছিলেন।








