জাতীয় পরিচয়পত্র সংশোধনে অনিয়মের অভিযোগে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৮ জুন) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে নিষ্পত্তি না হওয়া চারটি এনআইডি সংশোধনের বিষয়ে তদন্ত করে দুদক। সন্দেহজনক চারটি ব্যাংক অ্যাকাউন্টের বিষয়ে খোঁজখবরও নেন তারা। যদিও এসব অ্যাকাউন্টের বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চট্টগ্রাম আঞ্চলিক ও জেলা নির্বাচন কার্যালয়ের দুই শীর্ষ কর্মকর্তার যোগসাজশে এনআইডি সংশোধনে আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে।
অভিযানের বিষয়ে দুদক চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের সহকারী পরিচালক এমরান হোসাইন সাংবাদিকদের জানান, চারটি এনআইডি সংশোধনের বিষয়ে খোঁজ নিয়েছি। যেগুলো এরই মধ্যে সংশোধন করা হয়েছে। পাশাপাশি সংশোধনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা আর্থিক লেনদেনের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সেই বিষয়ে খোঁজখবর নেয়া হয়েছে।
দুদকের অভিযানের বিষয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন সাংবাদিকদের জানান, যে চারটি এনআইডি সংশোধনের বিষয়ে তথ্য নিতে এসেছে তা আগেই নিষ্পত্তি হয়ে গেছে। পাশাপাশি কার্যালয়ের বিভিন্ন বিষয়ে তথ্য চেয়েছিলেন। আমরা তা দিয়ে সহায়তা করেছি।








