‘দেশে নিরপেক্ষ সংস্কার ছাড়া কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না’ জানিয়ে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ গত ১৬ বছরে দেশকে দুঃশাসনের চরম পর্যায়ে নিয়ে গেছে। দেশের মানুষ এ অপশাসনের অবসান চায়।’
বুধবার (২ এপ্রিল) বিকেল ৫টার দিকে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উখিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। তিনি দলীয় কৌশল, জাতীয় নির্বাচন ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ অনুষ্ঠানে উপজেলা জামায়াত সেক্রেটারি সোলতান আহমদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা আমির মাওলানা আবুল ফজল।
মুহাম্মদ শাহজাহান বলেন, ‘আমি নির্বাচন করি না, আমি এমপি বানাতে বেশি পছন্দ করি।’ তার এই বক্তব্য উপস্থিত নেতাকর্মীদেরকে মধ্যে উজ্জীবিত করে এবং আসন্ন নির্বাচনে সংগঠনের সক্রিয় অংশ নেয়ার ইঙ্গিত দেয়।
তিনি দলীয় নেতাকর্মীদের সাংগঠনিক প্রস্তুতি নেয়ার আহ্বান জানান এবং উখিয়া-টেকনাফ আসনসহ দেশের প্রতিটি নির্বাচনী এলাকায় দলীয় কৌশল নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন।
জাতীয় রাজনীতির পাশাপাশি মুহাম্মদ শাহজাহান আন্তর্জাতিক ইস্যুতে ফিলিস্তিন ও গাজায় চলমান সংঘাতের বিষয়ে তিনি বলেন, ‘ফিলিস্তিন ও গাজায় হত্যাকাণ্ড মানবতার বিরুদ্ধে অপরাধ। এই অন্যায়ের বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হতে হবে।’
তিনি তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘৫ আগস্টের তরুণদের আন্দোলন আমাদের অনুপ্রেরণা জোগায়। সমাজের প্রত্যেক তরুণকে সত্য ও ন্যায়ের পক্ষে রুখে দাঁড়াতে হবে।’
বর্তমান সরকারের আমলে দেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ‘জনগণের সম্পদ লুটপাটকারীদের বিরুদ্ধে জনগণকেই রুখে দাঁড়াতে হবে। সমাজ থেকে দুর্নীতি নির্মূল করতে হলে নৈতিক ও আদর্শিক নেতৃত্ব প্রয়োজন।’
তিনি জামায়াত নেতা-কর্মীদের দেশ ও জাতির স্বার্থে কাজ করার আহ্বান জানান।
এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন- কক্সবাজার জেলা জামায়াত আমির নুর আহমদ আনোয়ারি, জেলা সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নুর আহমদ ছিদ্দিকী এবং উখিয়া জামায়াতের অন্য নেতারা বক্তব্য দেন।





