নীলফামারীর ডোমারে অটোভ্যানের ধাক্কায় মোন্তাসির রহমান মুহিন(১০) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরের দিকে ডোমার পৌরসভার ময়দানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোন্তাসির রহমান মুহিন ওই এলাকার বাসিন্দা ও সাবেক কাউন্সিলর বেলাল হোসেনের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মুহিন ও তার পরিবারের সদস্যরা বাড়ির সামনে ডোমার মহাশ্মশান থেকে শুকনো গাছের ডালপালা কিনে একটি অটোভ্যানে করে বাড়িতে নিয়ে আসে। কাজ শেষে চালক এরশাদুল হক ভ্যানটি বাড়ির সামনে রেখে ভাড়ার টাকা নিতে মুহিনের বাবার কাছে বাড়ির ভেতরে যান।
এ সময় মুহিন ভ্যানচালকের কাছে থেকে অটোভ্যানের চাবি নিয়ে সেটি চালানোর চেষ্টা করে। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি একটি কাঁঠাল গাছে সজোরে ধাক্কা খায়। এতে মুহিনের বুকের ওপর প্রচণ্ড আঘাত লাগে এবং সে গুরুতর আহত হয়।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ডোমার থানার ওসি আরিফুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।








