আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা

ঢাকার আশুলিয়ায় শাজাহান নামে এক পোশাক শ্রমিককে তুলে নিয়ে মারধরের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা।

‎সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে আশুলিয়ার বাইপাইলে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

‎বক্তারা অভিযোগ করে বলেন, রোববার রাত সাড়ে ৯টার দিকে পোশাক শ্রমিক শাজাহানকে ভাদাইল এলাকায় মারধর করা হয়। এ ঘটনায় আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপি সমর্থিত ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর মিয়ার সমর্থক ও স্বজনদের বিরুদ্ধে অভিযোগ ওঠেছে।

মানববন্ধনে বক্তারা ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর মিয়ার সমর্থক মো: শরিফ, আরিফ মুন্সি, হিরন মিয়া ও কুরবান আলীসহ অজ্ঞাতনামা আরো দুই-তিনজনের বিরুদ্ধে অভিযোগ আনেন।

‎আহত পোশাক শ্রমিক শাজাহান ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ডিইপিজেড) এক্সপ্রেন্স ক্লোথিং কোম্পানি লিমিটেড নামের একটি কারখানায় সুপারভাইজার হিসেবে কর্মরত আছেন।

‎এ ঘটনার প্রতিবাদে মানববন্ধনে অংশ নেয়া শ্রমিক নেতারা বলেন, একজন পোশাক শ্রমিককে তুলে নিয়ে হামলার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার করা না হলে পরিস্থিতি আরো উত্তপ্ত হতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।

‎মানববন্ধনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি মো: ফরিদুল ইসলাম, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের ঢাকা জেলার সভাপতি মিজানুর রহমান মিজান, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের আশুলিয়া সভাপতি মনসুর আলী, বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া সভাপতি মাসুদ রানা সুলতানসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

‎বক্তারা বলেন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত করে প্রকৃত জড়িতদের চিহ্নিত করতে হবে এবং তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে।

‎শ্রমিক নেতারা দাবি করে বলেন, ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিল হোসেনের পক্ষে কাজ করায় রাজনৈতিক বিরোধের জেরে শাহজাহানের ওপর হামলা হয়েছে। কোন শ্রমিক কোন প্রার্থীকে সমর্থন করবেন, এটি তার ব্যক্তিগত স্বাধীনতা।