ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর নৃশংস গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে নোয়াখালীতে জামায়াত ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বিকেলে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার, নায়েবে আমির মাওলানা নিজাম উদ্দিন ফারুক, জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, শহর আমির মাওলানা মো: ইউসুফ এবং শিবিরের শহর সভাপতি হাবিুবুর রহমানের নেতৃত্বে মাইজদী মডেল মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর বাজার গিয়ে শেষ হয়।
এ সময় জামায়াত নেতারা অবিলম্বে ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর নৃশংস গণহত্যা বন্ধের দাবি জানান।
এছাড়া বেগমগনজ, চৌরাস্তা, সোনাইমুড়ী, সেনবাগে বিক্ষোভ মিছিল বের হয়।
এদিকে সকাল ১১টার দিকে ছাত্র-জনতার ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে জেলা শহর মাইজদী টাউন হলের সামনে জড়ো হয়। এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আসে। এ সময় প্রধান সড়কের দু’পাশে যানজট সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর নৃশংস গণহত্যা বন্ধের দাবি জানান।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ফিলিস্তিনিতে হামলার প্রতিবাদে জেলা শহরে বিক্ষোভ করে মানুষ। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।








