ময়মনসিংহে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় দুই পুলিশ কনস্টেবল আহত হন। শনিবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি আশিকুর রহমান খবরের সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দিবাগত রা‌ত সোয়া দুইটার দিকে শহরের মরাখোলায় ক‌তিপয় মাদক ব্যবসায়ী মাদক ভাগাভা‌গি ক‌রছে এমন সংবা‌দের প্রে‌ক্ষি‌তে ময়মন‌সিংহ ডি‌বির ওসির নেতৃ‌ত্বে অভিযান প‌রিচালনাকা‌লে উল্লে‌খিত স্থা‌নে পৌঁছলে মাদক ব্যবসায়ীরা পু‌লিশকে লক্ষ্য ক‌রে ইট-পাট‌কেল নি‌ক্ষেপসহ এলোপাতা‌ড়ি গু‌লিবর্ষণ ক‌রে। তখন তার (ডিবির ওসি) নি‌র্দে‌শে আত্মরক্ষার জন্য পুলিশও গু‌লি ছোঁড়ে। ইতোমধ্যে বেতা‌রে সংবাদ পেয়ে কোতোয়ালী থানার ডিউটিরত মোবাইল টিম ঘটনাস্থ‌লে এসে গু‌লি ছোঁড়ে। উভ‌য়ের ম‌ধ্যে গোলাগু‌লির এক পর্যা‌য়ে আসামিরা পা‌লি‌য়ে যায়। এরপর এলাকায় তল্লাশীকালে অজ্ঞাত এক মাদক ব্যবসায়ীকে (২৫/২৬) গু‌লিবিদ্ধ অবস্থায় উদ্ধার ক‌রে চি‌কিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতা‌লে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা ক‌রেন। বন্দুকযু‌দ্ধে ডিবির কনস্টেবল হুমায়ুন ও আমীর হামজা গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে ১০০ গ্রাম হে‌রোইন, ৪টি গু‌লির খোসা, ২টি রামদা, ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবি ও থানা পু‌লিশ মোট ১৫ রাউন্ড কার্তুজ ফায়ার ক‌রে। অজ্ঞাত আসামিদের বিরু‌দ্ধে মামলা রজু প্রক্রিয়াধীন।