টাঙ্গাইলের কালিহাতীতে পারিবারিক কলহের জের ধরে পুত্রের হাতে পিতা খুন হয়েছেন। নিহতের নাম আব্দুল জব্বার (৬৫)। শনিবার গভির রাতে কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের কাচিনা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা পুত্র বিল্লাল হোসেনকে (২৮) আটক করে পুলিশে সোপর্দ করেছে।
কালিহাতী থানার এসআই ছানোয়ার হোসেন জানান, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে আব্দুল জব্বার সেহরী খাওয়ার জন্য উঠে প্রাকৃতিক কাজে বাইরে যান। ওই সময় পুত্র বিল্লাল হোসেন ধারালো অস্ত্র দিয়ে পিতাকে কুপিয়ে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় লোকজন রাতেই ছেলেকে ধরে বেঁধে করে রাখেন এবং রোববার সকালে পুলিশের হাতে সোপর্দ করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল। পুত্র বিল্লাল হোসেন কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে জানায় পুলিশ।