রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেকের করল্যাছড়ি এলাকায় ইউপিডিএফ দুই পক্ষের বন্দুকযুদ্ধের ঘটনায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিনজন নিহত এবং একজন আহত হয়েছেন। নিহতরা হলেন সুশীল চাকমা, স্মৃতি চাকমা, অটল চাকমা। আহতের নাম কানন চাকমা।

পুলিশ জানায়, আজ সোমবার ভোর রাত ৪টার দিকে উভয় পক্ষের মাঝে গোলাগুলি শুরু হয়। প্রায় ঘন্টাব্যাপী বন্ধুযুদ্ধে এই হতাহতের ঘটনা ঘটে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আনোয়ার জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মূল ইউপিডিএফ ও গণতান্ত্রিক ইউপিডিএফ দীর্ঘদিন ধরে এলাকায় অবস্থান করছিলো। সোমবার ভোর রাত ৪টার দিকে উভয় পক্ষের মাঝে গোলাগুলি শুরু হয়। গোলাগুলির ঘটনায় মূল ইউপিডিএফের তিন কর্মী নিহত হয় এবং কানন চাকমা গুরুতর আহত হন। ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে বলে তিনি জানান ।