গোপালগঞ্জের কাশিয়ানীতে জিপের ধাক্কায় রাজিয়া বেগম (৫৫) নামে এক রিকশা-ভ্যান আরোহী নারী নিহত হয়েছেন। এ ঘটনায় রিকসা-ভ্যান চালক খবির শেখ (৩৮) গুরুতর আহত হয়েছেন। তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সকাল ৯টার দিকে কাশিয়ানী উপজেলার চাপ্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই নারী ঘোনাপাড়া গ্রামের ইদ্রিস শেখের স্ত্রী।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানিয়েছেন, রাজিয়া বেগম রিকসা-ভ্যানে করে গ্রামের বাড়ি ঘোনাপাড়া থেকে কাশিয়ানীর ভাটিয়াপাড়া যাচ্ছিলেন। পথিমধ্যে পিছন দিক থেকে একটি জিপ গাড়ি (ঢাকা-মেট্রো-ঘ-০২-২৮১৩) তাদের বহনকারী রিকসা-ভ্যানকে ধাক্কা দেয়। এতে চালকসহ রাজিয়া বেগম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রিক্সা-ভ্যান চালক খবির শেখকে গুরুতর আহতাবস্থায় গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘাতক জিপসহ ড্রাইভারকে আটক করেছে।





