নারায়ণগঞ্জ বন্দরের কুশিয়ারা এলাকায় গার্মেন্টকর্মী আসমাকে অপহরণ ও গণধর্ষণের পর হত্যার ঘটনায় তিন জনকে ফাঁসি ও অপর চারজনকে খালাসের আদেশ দিয়েছে আদালত। সোমবার সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোঃ জুয়েল রানা এ রায় ঘোষণা করেন।
ফাঁসির দন্ডপ্রাপ্তরা হলেন, নূর উদ্দিনের ছেলে নাসির উদ্দিন বিটল (৪০), অকু মিয়ার ছেলে ছফুন (৩৪), মৃত আব্দুস সালামের ছেলে খোকন মিয়া (৩২)।
অন্যদিকে এই হত্যা মামলায় খালাসপ্রাপ্তরা হলেন, আলমাস ব্যাপারীর ছেলে ছালেহ আহমেদ ছালাত (৩৮), মৃত মোমিন আলী মুন্সির ছেলে হাসান কবির মেম্বার (৫৪), আবুল কাশেমের ছেলে আব্দুল আজিজ ওরফে দাড়িওয়ালা আজিজ (৩৯), সুজন মিয়ার ছেলে মোঃ মিজান (৩৫)। খালাসপ্রাপ্ত হাসান কবির মেম্বার পলাতক রয়েছেন।
আদালতের স্পেশাল পিপি রাকিবউদ্দিন আহমেদ রাকিব জানান, আসামীদের জবানবন্দি, সাক্ষীদের দীর্ঘ জেরা শেষে আদালত তিনজনকে ফাঁসির আদেশ দিয়েছেন এবং বাকি ৪ জনকে খালাস দিয়েছেন।
আদালত সূত্রে জানা যায় যে, ২০০৮ সালের ১২ মার্চ রাতে মামলার বাদী রাজামিয়ার মেয়ে গার্মেন্টস কর্মী আসমা আক্তার কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে বন্দরের কুশিয়ারা ভদ্রাসন শরবত মিয়ার বাড়ির সামনে থেকে আসামীরা আসমাকে অপহরণ করেন। এরপর আসামীরা তাকে ধর্ষণ করেন। পরে তাকে হত্যা করে লাশ মাটিচাপা দেয়া হয়। এ ঘটনায় আসামী খোকন ২০০৮ সালের ১১ জুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় ও আসামীদের নাম উল্লেখ করে।





