যশোরে মাদক ব্যবসায়ীদের কথিত গোলাগুলিতে দু’জন ও গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে বলে পুলিশ দাবি করেছে। মঙ্গলবার ভোররাতে যশোর শহরের চাঁচড়া রায়পাড়া ও যশোর-মাগুরা মহাসড়কের নোঙরপুর এলাকায় পৃথক দু’টি ঘটনায় এই তিনজন নিহত হয়।

মঙ্গলবার ভোরে যশোর শহরের চাঁচড়া রায়পাড়া এলাকায় মাদক ব্যবসায়ীদের কথিত গোলাগুলিতে দু’জন নিহত হয়। নিহত দুই মাদক ব্যবসায়ী হলেন, যশোর শহরের রায়পাড়া এলাকার মানিক ও মন্ডলগাতি এলাকার আসর আলী। পুলিশ নিহত দু’জনের লাশ উদ্ধার করে যশোর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। একইসাথে ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি কেএম আজমল হুদা জানান, মঙ্গলবার ভোররাতে যশোর শহরের চাঁচড়া রায়পাড়া প্রাথমিক বিদ্যালয় এলাকায় দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় দু’জনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি আজমল হুদা আরও জানান, নিহত মানিক ও আসর আলী চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
পুলিশ নিহত দু’জনের লাশ উদ্ধারের পাশাপাশি ঘটনাস্থল থেকে ৬শ’ পিস ইয়াবা, দুটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫টি গুলির খোসা উদ্ধার করেছে। নিহত দু’জনের লাশ ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে, যশোর-মাগুরা মহাসড়কে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। মঙ্গলবার ভোররাত আড়াইটার দিকে যশোর-মাগুরা মহাসড়কের নোঙরপুর মাজারের পাশে এ গণপিটুনির ঘটনা ঘটে। নিহত ডাকাত বুলি (৪০) যশোর সদর উপজেলার হাশিমপুর গ্রামের বাসিন্দা। খবর পেয়ে পুলিশ নিহত ডাকাতের লাশ উদ্ধার করেছে।

যশোর কোতোয়ালি মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আজাদুল ইসলাম জানান, সোমবার দিবাগত রাত দু’টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের নোঙরপুর এলাকায় একদল ডাকাত গাছ কেটে সড়ক ডাকাতির চেষ্টা করে। এ সময় ডাকাতদের কবলে পড়া লোকজনের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে ডাকাতদের ধাওয়া করে। ধাওয়ার মুখে অন্যরা পালিয়ে গেলেও একজনকে ধরে তারা গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ তার পরিচয় নিশ্চিত হয়।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি কেএম আজমল হুদা জানান, নিহত ডাকাত বুলির বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় দু’টিসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

যশোর ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শহিদুল্লাহ সবুজ জানান, হাসপাতালে আনার আগেই বুলি’র মৃত্যু হয়েছে।