গাজীপুরে দুই বাসের প্রতিযোগিতায় এবার প্রাণ গেল বাসের এক হেলপারের। মৃত হেলপার হলেন রামচরণ সরকার (২৮)। সে গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল এলাকার সন্তোষ সরকারের ছেলে।
কোনাবাড়ি সালনা হাইওয়ে থানার ওসি বাসুদেব সিনহা জানান, সোমবার রাতে আজমেরী গ্লোরী পরিবহনের দুটি বাস প্রতিযোগিতা করে (পাল্লা দিয়ে) চন্দ্রা হতে ঢাকার দিকে যাচ্ছিল। প্রতিযোগিতার একপর্যায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী এলাকায় একটি অপরটিকে ওভারটেক করার সময় বাস দুটির মাঝে চাপা পড়েন রামচরণ। বাসের দরজায় দাঁড়িয়ে থাকা রামচরণ সরকার বাস থেকে ছিটকে পড়েন। এরপর অপর বাসটি তার উপর দিয়েই চলে যায়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পরে আবেদনের প্রেক্ষিতে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় প্রতিযোগিতার কারনে অনেক পথচারী ও যাত্রী নিহত হয়েছেন। সাম্প্রতিক কলেজ ছাত্র রাজীবের মৃত্যু দেশের মানুষকে প্রচন্ডভাবে নাড়া দিয়েছে। হাইকোর্ট রাজীবের পরিবারকে এক কোটি টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন। এছাড়া ঢাকা ট্রিবিউনের বিজ্ঞাপন কর্মকর্তার মৃত্যুতেও হাইকোর্ট অনুরূপ আদেশ দিয়েছেন।





