কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ-সভপতি নাজমুল হোসেন (২৭) দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়নের ফারাজি পাড়ায় নাজমুলের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নাজমুলের পিতার নাম আলতাফ হোসেন।

নাজমুলের খালতো ভাই মিলন জানান, রাতে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তরা নাজমুলের মাথায় গুলি করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া মডেল থানার এসআই আতিকুর রহমান জানান, কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নাজমুল উশৃঙ্খল এবং মাদকসেবী ছিলেন। কয়েকদিন আগে পারিবারিকভাবে তার বিয়ে হয়েছিল। তার স্ত্রীর সামনে এঘটনা ঘটে। বর্তমানে নাজমুলের স্ত্রী এবং মাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে জানা যায়।

নাজমুলের স্ত্রী এবং মায়ের মুখ থেকেই প্রকৃত ঘটনা জানা যাবে বলে পুলিশ মনে করছে।