সিরাজগঞ্জের কামারখন্দে মাদক বিরোধী অভিযানে র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে আশান হাবীব (৪৫) নামে এক মাদক কারবারি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন র‌্যাবের তিন সদস্য। তাদেরকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ১২ টার দিকে কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রীজ এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, এক হাজার পিছ ইয়াবা ও ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা। নিহত আশান হাবীব কামারখন্দ উপজেলার হাটপাড়া এলাকার ইজার উদ্দিনের ছেলে।

সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর ক্যাম্প কমান্ডার সাকিবুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রীজ এলাকার একটি ইউক্লিপ্টাস গাছের বাগানের মধ্যে মাদক বেচাকেনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এসময় মাদক বিক্রেতারা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। আত্নরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময় চলাকালে মাদক বিক্রেতা আশান হাবীব গুলিবিদ্ধ হয়ে আহত হয়। তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, এক হাজার পিচ ইয়াবা ও ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। বন্দুকযুদ্ধ চলাকালে র‌্যাব সদস্য তোফায়েল, ছাবলরু রহমান ও আরিফুল ইসলাম আহত হয়েছেন।