খুলনা সিটি করপোরেশন নির্বাচনে জালভোট দেয়ার কারণে স্থগিত কেন্দ্রে পুনঃভোটগ্রহণেও জাল ভোট দেয়ার অভিযোগ করা হয়েছে। এসময় জালভোট দিতে আসা তিনজনকে আটক করা হয়েছে।
বুধবার দুপুরে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের ইকবাল নগর সরকারি মাধ্যমিক স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে। আটককৃতরা হচ্ছে টুম্পা সরদার (১৭), আফরোজা বেগম (১৮) ও সুজন (২২)। তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ বেগম আটককৃতদের এই জরিমানা করেন।
এর আগে সকাল ৮টা থেকে স্থগিত খুলনার ২৪ ও ৩১ নম্বর ওয়ার্ডের তিন কেন্দ্রের পুনঃভোটগ্রহণ শুরু হয় এবং বিরতিহীনভাবে বিকাল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এখন ভোটগ্রহণ শেষে ভোটগণনার কাজ চলছে।
তবে বুথ দখল, জাল ভোট ও হামলার আশঙ্কায় ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে। গত ১৫ মে অয়িমের অভিযোগে এই তিন কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।