টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে সরাতৈল ও বিয়ারা মারোয়া এলাকায় এ ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোশারফ হোসেন জানান, ভোর ৫টার দিকে কালিহাতী উপজেলার সরাতৈল ও বিয়ারা মারোয়া এলাকায় ঢাকাগামী একতা ট্রেনের নিচে কাটা পড়ে ওই দুইজন নিহত হন। নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হচ্ছেন- টাঙ্গাইলের মির্জাপুরের সুমন মিয়া। খবর পেয়ে স্বজনেরা এসে সুমনের লাশ বাড়িতে নিয়ে গেছেন। অজ্ঞাত অপরজনের লাশ বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়েস্টেশন কর্তৃপক্ষের হেফাজতে আছে। ঢাকার রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।
নিকাহ রেজিস্ট্রারের লাশ উদ্ধার
টাঙ্গাইলে শামসুল আলম (৬০) নামে এক নিকাহ রেজিস্ট্রারের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার (কাজী) ছিলেন। শুক্রবার সকালে সদর উপজেলার দক্ষিণ কাগমারা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
টাঙ্গাইল মডেল থানার ওসি সায়েদুর রহমান নয়া দিগন্তকে জানান, শুক্রবার সকালে টাঙ্গাইলের দক্ষিণ কাগমারা চকে শামসুল আলমের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
শামসুল আলম টাঙ্গাইল শহরের পূর্ব আদালতপাড়ার বাসীন্দা ছিলেন। তিনি টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার (কাজী) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে শাসরোধ করে হত্যার পর সেখানে লাশ ফেলে রেখে যায়। এছাড়া তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে।





