গাজীপুরে গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী বলে দাবী করেছে পুলিশ। এ সময় পুলিশের এক এসআই ও ৩ কনস্টেবল আহত হয়েছে। নিহতের নাম কামাল খান ওরফে কামু (৩২)। সে টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকার মৃত সিরাজ খানের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল গাজীপুরের কালীগঞ্জ উপজেলার রায়েরদিয়া গ্রামের মসজিদের পাশের রাস্তা থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি নম্বর বিহীন প্রাইভেটকারসহ কামাল খান ওরফে কামুকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় রাতেই তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। থানায় মামলা দায়েরের পর পুলিশ তাকে পুলিশের জেলা গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাচ্ছিল।
পথে তারা শুক্রবার ভোর রাত আড়াইটার দিকে জয়দেবপুর থানার ভাদুন এলাকায় পৌছলে কামালকে ছিনিয়ে নেয়ার জন্য তার সহযোগিরা ডিবি পুলিশকে লক্ষ্য করে অতর্কিতভাবে হামলা করে এবং গুলি বর্ষণ করতে থাকে। এ সময় ডিবি পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। এক পর্যায়ে কামু পুলিশের গাড়ি থেকে নেমে দৌড়ে পালাতে গেলে সহযোগি মাদক ব্যবসায়িদের গুলিতে আহত হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাজীপুর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর ডেরিক স্টিফেন কুইয়্যা জানান, বন্দুকযুদ্ধে ডিবি পুলিশের এএসআই কাদের ও ও ৩ কনস্টেবলসহ মোট ৪জন আহত হয়েছে। আহতদের ওই হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। কামু এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ি। তার বিরুদ্ধে টঙ্গীসহ বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ১৪টি মামলা রয়েছে।





