কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় পুলিশের সাথে 'বন্দুকযুদ্ধে' মাদক ব্যবসায়ী সাদ্দাম হোসেন (৩৫) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম উপজেলার উজিরপুর ইউনিয়নের আবুল হাসেমের ছেলে। তার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ফয়সল এ খবর নিশ্চিত করে জানান, উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী সাদ্দাম হোসেন ও তার সহযোগীরা কড়ইবন দিয়ে মাদক পাচারকালে পুলিশ তাদের আটকের চেষ্টা চালায়। মাদক কারবারিরা পুলিশকে লক্ষ করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা ১৪ রাউন্ড গুলি চালায়। উভয়পক্ষের গুলিবিনিময়ে মাদক কারবারি সাদ্দাম গুরুতর আহত হন। তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে দুই শ' বোতল ফেন্সিডিল, তিনটি কার্তুজ ও একটি পাইপগান উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি ফয়সাল।