নোয়াখালীর সোনাইমুড়ী থানা হাজতে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম তাজুল ইসলাম তুষার (২৩)। আজ শনিবার ভোর রাতে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

জানা গেছে, সোনাইমুড়ী উপজেলার দেউটি ইউনিয়নের দুর্গাদৌলতপুর গ্রামের রিকশাচালক মমিন উল্লার ছেলে মাদকাসক্ত তাজুলকে শনিবার রাত আড়াইটায় তার বাবা ও স্থানীয় মেম্বার আবুল খায়ের আটক করে। পরে সোনাইমুড়ী থানার পুলিশের কাছে সোপর্দ করে।
তাজুলের বাবা বলেন, রাতে পুলিশের কাছে সোপর্দ করার পর সকালে এক দল পুলিশ তার বাড়িতে গিয়ে বলে আপনাকে থানায় যেতে হবে। ছেলে মারা গেছে বা আত্মহত্যা করেছে কিছুই বলেনি। থানায় এসে দেখি ছেলের লাশ।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম বলেন, রাতে স্থানীয় মেম্বার ও ছেলেটির বাবা পুলিশের কাছে তাকে সোপর্দ করে। পরে রাতের ৪ থেকে ৫টার মধ্যে হাজত খানার জানালার গ্রিলের সাথে পরনের লু্ঙ্গি পেচিয়ে আত্মহত্যা করে সে। এ সময় অন্য হাজতি ছিল কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ, দু'জন ছিল। কিন্তু তারা ঘুমিয়ে ছিল বলে টের পায়নি।

এ দিকে জানালার গ্রিলের সাথে আত্মহত্যা করা নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মধ্যে।