সাভার বাসস্ট্যান্ডের রাজ্জাক প্লাজার সামনে ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাক চাপায় গতকাল শনিবার সকাল ৬ টার সময় এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত ব্যবসায়ীর নাম মনজুরুল আলম (৫৫)। তিনি বরগুনা জেলার বেতাগী থানার দক্ষিণ বকুলতলী গ্রামের বাসিন্দা এবং সাভার পৌর এলাকার মধ্য রাজাশনের আব্দুর রশিদের বাড়ীতে ভাড়া থাকতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সকালে ঢাকা- আরিচা মহাসড়কের বাসস্ট্যান্ডের রাজ্জাক প্লাজার সামনে থেকে কিছু দূরত্বে ফুটওভার ব্রীজ ব্যবহার না করে সকালে মাছ কেনার জন্য আড়ৎ -এ আসার সময় রেলিংয়ের উপর দিয়ে সড়ক পার হতে গেলে পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যায়। খবর পেয়ে পুলিশ তার লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে। স্থানীয় সূত্র জানায়- ফুটওভার ব্রিজ ব্যবহার না করে রেলিং পার হওয়ার সময় এর আগেও বেশ কয়েকজন এ ভাবে নিহত হয় ।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবিদ হোসেন খান জানান- লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।





