মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের চরাঞ্চলের ছোট একটি গ্রাম চর আলিমাবাদ। চরাঞ্চলের অবহেলিত মানুষের বসবাস গ্রামটিতে। রয়েছে শীর্ষ সন্ত্রাসী ও সর্বহারা দলের নেতা মোশারফ ফকিরের মতো লোকও।
সহজ সরল মানুষগুলোর বসবাস এই গ্রামে গড়ে তুলেছেন মোশারফ তার বিশাল সন্ত্রাসী বাহিনী।
তারা দল বেঁধে সন্ত্রাসী ও চাঁদাবাজি কার্যকলাপ করে অহরহ। তাদের ভয়ে এলাকার নিরীহ মানুষ প্রতিবাদ তো দূরের কথা মুখ খুলে কথা বলতে পারছে না। কেউ প্রতিবাদ করলে তাকে হত্যা, এমনকি খুন করে লাশ ঘুম করার হুমকি দিয়ে থাকেন এই চাঁদাবাজ মোশারফ ফকির ও তার বাহিনী। বর্তমান সরকার ঘোষিত ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়া রুপকল্পে লেগেছে শীর্ষ সন্ত্রাসী মোশারফ ফকিরের চাঁদাবাজির ছোঁয়া। ঠিকাদার প্রতিষ্ঠান মের্সাস জি এন জি এন্টারপ্রাইজ এর সাব কন্ট্রাকটর সুজন মিয়ার কাছে চাঁদাবাজ মোশারফ ফকির ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। তার দাবী অনুযায়ী চাঁদার টাকা না দেয়ায় মোশারফ ও তার দলবল সুজন মিয়া ও তার লোকজনকে মারপিট করেন। সন্ত্রাসী মোশারফ বাহিনীর ভয়ে চর আলিমাবাদ গ্রামের ১৭ কিলোমিটার বিদ্যুৎ সংযোগের কাজ বন্ধ রয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেন।
এ বিষয় ঠিকাদার প্রতিষ্ঠান মের্সাস জি এন জি এন্টারপ্রাইজ সাব কন্ট্রাকটর সুজন মিয়া বলেন, আমি চর আলিমাবাদ গ্রামে বিদ্যুৎ লাইনের কাজ করতে গেলে আমার কাছে মোশারেফ হোসেন নামে এক ব্যাক্তি ২ লক্ষ টাকা চাদা দাবি করেন, আমি চাঁদা না দিতে চাইলে আমাকে ও আমার লোকদের মোশারেফ মারধোর করে এবং বলে টাকা না দিয়ে এলাকায় কোন কাজ করবি না।
এ ব্যাপারে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) প্রমথ রঞ্জক ঘটক বলেন, এ বিষয়ে এখনও কোন অভিযোগ পাই নি। তারপরও আমি বিদ্যুৎ বিভাগের লোকদের সাথে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেব।





