নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাছের খামারের প্রহরীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চৌধুরীগাঁও এলাকায় পরিত্যাক্ত জায়গা থেকে এমদাদ হোসেন (৫০) নামের ওই প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
পুলিশের ধারনা, দুর্বৃত্তরা রড বা কাঠ দিয়ে মাথা আঘাত করে হত্যার পর লাশ ফেলে যায়। নিহত এমদাদ হোসেন নিলফামারী সদর উপজেলার মুন্সিপাড়া এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে। সে চৌধুরীগাঁও এলাকার মোক্তার হোসেনের বাড়ির মাছের খামারে প্রহরী হিসেবে কাজ করতো।সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ কামাল জানান, ‘পরিত্যক্ত জায়গা একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
তিনি আরো জানান, দুর্বৃত্তরা নিহতের মাথায় লোহার রড বা কাঠ দিয়ে আঘাত করায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করা যাবে।
খামারের মালিক মোক্তার হোসেন জানান, এক সপ্তাহ হয়েছে এমদাদ কাজে যোগদান করেছে, সে ভাল করে এলাকার কাউকে চিনেওনা। তিনি আরো বলেন, রাতের আধারে খামার থেকে মাছ চুরি করতে আসে দৃর্বৃত্তরা, এ সময় প্রহরী এমদাদ দুর্বৃৃত্তদের দেখে ফেলায় তাকে হত্যা করে পালিয়ে যায়।
সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম পিপিএম জানান, লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনা উদঘাটনে তদন্ত করে যাচ্ছে পুলিশ।